Chapter 5.A: নাইট্রোজেন চক্র (Nitrogen Cycle)

নাইট্রোজেন সংবদ্ধন, অ্যামোনিফিকেশন, নাইট্রিফিকেশন, ডিনাইট্রিফিকেশন | মানবক্রিয়া ও নাইট্রোজেন চক্রের গুরুত্ব

Sk Rejoyanul Kerim
Sk Rejoyanul Kerim
Uploaded: 03 May 2026 Last Update: 30 May 2026
Chapter 5.A: নাইট্রোজেন চক্র | Madhyamik Life Science

Chapter 5.A: নাইট্রোজেন চক্র (Nitrogen Cycle)

সম্পূর্ণ অধ্যায়ের গভীর বিশ্লেষণ ও প্রস্তুতি | 47 MCQ | 39 SAQ | 10 Broad Questions

প্রাকৃতিক সংবদ্ধন Rhizobium Nitrobacter ডিনাইট্রিফিকেশন শিল্পজাত সার

MCQ - বহুবিকল্পভিত্তিক প্রশ্নোত্তর

47 টি
1. বজ্রপাতের সময় বায়ুমণ্ডলের নাইট্রোজেন অক্সিজেনের সঙ্গে যুক্ত হয়ে কী উৎপন্ন করে?
ক) নাইট্রোজেন ডাইঅক্সাইড
খ) নাইট্রিক অক্সাইড
গ) নাইট্রাস অক্সাইড
ঘ) অ্যামোনিয়া
2. নাইট্রিক অক্সাইড (NO) বায়ুর O₂-এর সংস্পর্শে এসে কী তৈরি করে?
ক) নাইট্রিক অ্যাসিড
খ) নাইট্রোজেন ডাইঅক্সাইড
গ) নাইট্রাস অ্যাসিড
ঘ) অ্যামোনিয়াম নাইট্রেট
3. NO₂ জলীয় বাষ্পের সঙ্গে বিক্রিয়া করে কোন কোন অ্যাসিডে পরিণত হয়?
ক) HNO₂ ও HNO₃
খ) HCl ও H₂SO₄
গ) HNO₃ ও H₂CO₃
ঘ) HNO₂ ও H₃PO₄
4. মাটিতে নাইট্রাস ও নাইট্রিক অ্যাসিড খনিজ লবণের সঙ্গে বিক্রিয়া করে কী উৎপন্ন করে?
ক) নাইট্রেট যৌগ
খ) ফসফেট যৌগ
গ) অ্যামোনিয়া
ঘ) মিথেন
5. প্রাকৃতিক নাইট্রোজেন সংবদ্ধন (Natural Nitrogen fixation) কীভাবে ঘটে?
ক) ব্যাকটেরিয়ার মাধ্যমে
খ) বজ্রপাতের সময় বিদ্যুৎক্ষুরণের মাধ্যমে
গ) রাইজোবিয়ামের মাধ্যমে
ঘ) শিল্পজাত সারের মাধ্যমে
6. জীবজ নাইট্রোজেন সংবদ্ধন (Biological Nitrogen-fixation) পদ্ধতিতে N₂ কী রূপে আবদ্ধ হয়?
ক) নাইট্রেট
খ) নাইট্রাইট
গ) অ্যামোনিয়া
ঘ) প্রোটিন
7. নীচের কোনটি স্বাধীনজীবী নাইট্রোজেন সংবদ্ধনকারী ব্যাকটেরিয়া নয়?
ক) Azotobacter
খ) Clostridium
গ) Rhizobium
ঘ) কোনোটিই নয়
8. কোন ধরনের শৈবাল নাইট্রোজেন সংবদ্ধনে সাহায্য করে?
ক) লাল শৈবাল
খ) বাদামি শৈবাল
গ) নীলাভ-সবুজ শৈবাল
ঘ) সবুজ শৈবাল
9. স্বাধীনজীবী নাইট্রোজেন স্থিতিকারী জীবাণু বছরে প্রতি একরে কত কেজি নাইট্রোজেন আবদ্ধ করতে পারে?
ক) 1-5 kg
খ) 10-20 kg
গ) 50-100 kg
ঘ) 100-200 kg
10. শিম্বীগোত্রীয় উদ্ভিদের মূলে রাইজোবিয়াম কোথায় বাস করে?
ক) মুলরোমে
খ) অর্বুদ বা গুটিতে (nodules)
গ) কাণ্ডে
ঘ) পাতায়
11. মিথোজীবী উদ্ভিদ রাইজোবিয়ামকে কী সরবরাহ করে?
ক) নাইট্রোজেন
খ) অক্সিজেন
গ) শর্করা খাদ্য
ঘ) নাইট্রেট
12. 'লেগ হিমোগ্লোবিন' রঞ্জক কোন অঙ্গে পাওয়া যায়?
ক) পাতায়
খ) কাণ্ডে
গ) শিম্বীগোত্রীয় উদ্ভিদের অর্বুদে (nodule)
ঘ) মূলের অগ্রভাগে
13. Anabaena নামক শৈবাল কোন জলজ ফার্নের প্রগহ্বরে নাইট্রোজেন সংবন্ধন করে?
ক) Azolla
খ) Marsilea
গ) Salvinia
ঘ) Pteris
14. কোন ব্যক্তবীজী উদ্ভিদের মূলে Anabaena নাইট্রোজেন সংবন্ধন করে?
ক) পাইন
খ) সাইকাস
গ) ধান
ঘ) গম
15. শিল্পজাত নাইট্রোজেন সার উৎপাদনের সময় কোন যৌগটি উৎপন্ন হয়?
ক) ইউরিয়া
খ) সুপার ফসফেট
গ) পটাশ
ঘ) জিপসাম
16. মৃত জীবদেহের প্রোটিন ব্যাকটেরিয়ার ক্রিয়ায় প্রথমে কোনটিতে পরিণত হয়?
ক) অ্যামোনিয়া
খ) নাইট্রাইট
গ) অ্যামাইনো অ্যাসিড
ঘ) নাইট্রেট
17. অ্যামোনিফিকেশন (Ammonification) প্রক্রিয়ায় নীচের কোন ব্যাকটেরিয়া সাহায্য করে?
ক) Nitrosomonas
খ) Bacillus mycoides
গ) Nitrobacter
ঘ) Pseudomonas
18. অ্যামোনিয়া প্রথমে নাইট্রাইট এবং পরে নাইট্রেট যৌগে পরিণত হওয়ার প্রক্রিয়াকে কী বলে?
ক) অ্যামোনিফিকেশন
খ) নাইট্রিফিকেশন
গ) ডিনাইট্রিফিকেশন
ঘ) সংবদ্ধন
19. Nitrosomonas ব্যাকটেরিয়া অ্যামোনিয়াকে কীসে পরিণত করে?
ক) নাইট্রেট
খ) নাইট্রাইট
গ) ইউরিয়া
ঘ) নাইট্রোজেন গ্যাস
20. Nitrobacter ব্যাকটেরিয়া নাইট্রাইট (NO₂⁻) কে কীসে পরিণত করে?
ক) অ্যামোনিয়া
খ) নাইট্রেট (NO₃⁻)
গ) নাইট্রোজেন গ্যাস
ঘ) প্রোটিন
21. মাটিতে আবদ্ধ নাইট্রোজেন যৌগ থেকে ব্যাকটেরিয়া নাইট্রোজেন গ্যাস মুক্ত করে বায়ুমণ্ডলে ফিরিয়ে দেওয়ার প্রক্রিয়াকে কী বলে?
ক) নাইট্রিফিকেশন
খ) অ্যামোনিফিকেশন
গ) ডিনাইট্রিফিকেশন
ঘ) নাইট্রোজেন সংবদ্ধন
22. নীচের কোনটি ডিনাইট্রিফাইং ব্যাকটেরিয়া?
ক) Rhizobium
খ) Nitrosomonas
গ) Pseudomonas
ঘ) Clostridium
23. মানুষের কার্যকলাপের জন্য কোন নাইট্রোজেনঘটিত শক্তিশালী গ্রিনহাউস গ্যাস বায়ুমণ্ডলে বেড়ে গেছে?
ক) NO
খ) NO₂
গ) N₂O
ঘ) N₂
24. অধিক অ্যাসিডযুক্ত মাটি ও জল পরিবেশের জন্য কী কী সমস্যা সৃষ্টি করে?
ক) ফসলের বৃদ্ধি বাড়ায়
খ) জলদূষণ ও জলজ প্রাণীর মৃত্যু ঘটায়
গ) মাটির উর্বরতা বাড়ায়
ঘ) বায়ুমণ্ডল পরিষ্কার করে
25. নাইট্রোজেন চক্রের মাধ্যমে প্রকৃতিতে কী বজায় থাকে?
ক) নাইট্রোজেনের ভারসাম্য
খ) অক্সিজেনের ভারসাম্য
গ) কার্বন-ডাই-অক্সাইডের ভারসাম্য
ঘ) নাইট্রিক অ্যাসিডের পরিমাণ
26. মিথোজীবী নাইট্রোজেন সংবদ্ধনকারী ব্যাকটেরিয়া কোনটি?
ক) Azotobacter
খ) Clostridium
গ) Rhizobium
ঘ) Nitrobacter
27. উদ্ভিদের মূল নীচের কোনটির মাধ্যমে নাইট্রোজেন গ্রহণ করে?
ক) N₂ গ্যাস
খ) অ্যামোনিয়াম আয়ন
গ) নাইট্রেট (NO₃⁻)
ঘ) নাইট্রাইট
28. রাসায়নিক সার কলকারখানার বর্জ্য নদীতে মিশে বন্যার সময় কী ঘটে?
ক) জল বিশুদ্ধ হয়
খ) নাইট্রোজেনঘটিত বর্জ্য মাটিতে মেশে
গ) মাছের সংখ্যা বাড়ে
ঘ) জলজ উদ্ভিদ মারা যায়
29. নাইট্রোজেন স্থিতিকরণে লেগ হিমোগ্লোবিনের কাজ কী?
ক) অক্সিজেনের পরিমাণ নিয়ন্ত্রণ
খ) নাইট্রোজেন শোষণ
গ) সালোকসংশ্লেষ
ঘ) পানি শোষণ
30. নীচের কোনটি নাইট্রোজেন চক্রের একটি ধাপ নয়?
ক) অ্যামোনিফিকেশন
খ) নাইট্রিফিকেশন
গ) ডিনাইট্রিফিকেশন
ঘ) ফটোরেসপিরেশন
31. জৈবিক নাইট্রোজেন সংবদ্ধনে প্রধান ভূমিকা পালন করে কোন এনজাইম?
ক) ক্যাটালেজ
খ) নাইট্রোজিনেজ
গ) অ্যামাইলেজ
ঘ) পেপসিন
32. অ্যামোনিফিকেশন প্রক্রিয়ায় বিয়োজকদের ভূমিকা কী?
ক) নাইট্রেট উৎপাদন
খ) প্রোটিন বিশ্লেষণ
গ) N₂ গ্যাস মুক্তকরণ
ঘ) নাইট্রিট জারণ
33. Thiobacillus denitrificans ব্যাকটেরিয়াটির কাজ কী?
ক) নাইট্রোজেন সংবদ্ধন
খ) অ্যামোনিফিকেশন
গ) ডিনাইট্রিফিকেশন
ঘ) নাইট্রিফিকেশন
34. মানুষের ক্রিয়াকলাপের জন্য নাইট্রোজেন চক্রের কোন অংশটি সবেচেয়ে বেশি প্রভাবিত হয়?
ক) নাইট্রোজেন সংবদ্ধন
খ) নাইট্রোজেনের ভারসাম্য নষ্ট
গ) নাইট্রিফিকেশন
ঘ) কোনোটি নয়
35. বায়ুমণ্ডলে নাইট্রোজেনের আনুমানিক শতকরা পরিমাণ কত?
ক) 21%
খ) 78%
গ) 0.03%
ঘ) 1%
36. নাইট্রোজেন মোচন বা ডিনাইট্রিফিকেশন কে করে?
ক) Rhizobium
খ) Pseudomonas
গ) Nitrosomonas
ঘ) Anabaena
37. সাইকাস গাছে নাইট্রোজেন সংবদ্ধনকারী শৈবাল কোনটি?
ক) Azolla
খ) Anabaena
গ) Nostoc
ঘ) Oscillatoria
38. নাইট্রোজেন চক্রের মাধ্যমে নাইট্রোজেন জীবদেহে পরিবাহিত হয়ে কী বজায় রাখে?
ক) জীবকুলের চিহ্নখত বজায় রাখে
খ) বায়ুমণ্ডলের চাপ বজায় রাখে
গ) সমুদ্রের লবণাক্ততা বজায় রাখে
ঘ) শিলার গঠন বজায় রাখে
39. কৃষিক্ষেত্রে কোন ধরনের নাইট্রোজেনঘটিত সার ব্যাবহার করা হয় না?
ক) ইউরিয়া
খ) অ্যামোনিয়া
গ) সোডিয়াম ক্লোরাইড
ঘ) অ্যামোনিয়াম সালফেট
40. নাইট্রোজেন চক্রে নাইট্রোসোমোনাসের (Nitrosomonas) ভূমিকা কী?
ক) NH₃ ⟶ NO₂⁻
খ) NO₂⁻ ⟶ NO₃⁻
গ) N₂ ⟶ NO₃⁻
ঘ) NO₃⁻ ⟶ N₂
41. ডিনাইট্রিফিকেশনকে (Denitrification) কেন ক্ষতিকারক বলা হয়?
ক) এটি মাটির উর্বরতা বাড়ায়
খ) এটি মাটির উর্বরতা কমায়
গ) এটি ফসলের রোগ সৃষ্টি করে
ঘ) এটি পোকামাকড় বাড়ায়
42. কোনটি শিল্পজাত নাইট্রোজেন সংবদ্ধনের (Industrial Nitrogen Fixation) উদাহরণ?
ক) বজ্রপাত
খ) ইউরিয়া সার প্রস্তুতি
গ) রাইজোবিয়ামের কাজ
ঘ) নস্টক-এর কাজ
43. নাইট্রোজেন চক্রে বিয়োজক (Decomposer) ব্যাকটেরিয়া ও ছত্রাকের ভূমিকা অপরিহার্য কেন?
ক) এরা প্রোটিন বিশ্লেষণ করে অ্যামোনিয়া তৈরি করে
খ) এরা বায়ু থেকে নাইট্রোজেন আবদ্ধ করে
গ) এরা নাইট্রেট তৈরি করে
ঘ) এরা অক্সিজেন তৈরি করে
44. অ্যামোনিফাইং ব্যাকটেরিয়া হিসেবে Bacillus ramosus এবং Bacillus mycoides কোন প্রক্রিয়ায় অংশ নেয়?
ক) নাইট্রোজেন সংবদ্ধন
খ) অ্যামোনিফিকেশন
গ) নাইট্রিফিকেশন
ঘ) ডিনাইট্রিফিকেশন
45. NO₂ (নাইট্রোজেন ডাইঅক্সাইড) বায়ুমণ্ডলে কী ধরনের বৃষ্টি ঘটাতে সাহায্য করে?
ক) অ্যাসিড বৃষ্টি
খ) ক্ষারীয় বৃষ্টি
গ) স্বাভাবিক বৃষ্টি
ঘ) ধূলিঝড়
46. কৃষিক্ষেত্রে নাইট্রোজেনঘটিত সারের অতিরিক্ত ব্যবহারের ফলে নদীর জলে কী বাড়ে?
ক) দ্রবীভূত অক্সিজেন
খ) নাইট্রেটের পরিমাণ
গ) খনিজ লবণ কমে
ঘ) মাছের সংখ্যা
47. অ্যাসিড বৃষ্টির কারণ হিসাবে নীচের কোন যৌগটি দায়ী?
ক) CO₂
খ) CH₄
গ) NO₂, SO₂
ঘ) O₂

SAQ - সংক্ষিপ্ত প্রশ্নোত্তর (১ ও ২ নম্বর)

39 টি
1. নাইট্রোজেন চক্র (Nitrogen cycle) কাকে বলে?
প্রকৃতিতে নাইট্রোজেন বায়ুমণ্ডল, ভূস্তর ও জীবদেহের মধ্যে বিভিন্ন ভৌত ও রাসায়নিক প্রক্রিয়ায় যে চক্রাকার পথে আবর্তিত হয়, তাকে নাইট্রোজেন চক্র বলে।
2. প্রাকৃতিক নাইট্রোজেন সংবদ্ধন (Natural Nitrogen fixation) কী?
বজ্রপাতের সময় বিদ্যুৎক্ষুরণের ফলে বায়ুমণ্ডলের N₂ অক্সিজেনের সঙ্গে যুক্ত হয়ে NO উৎপন্ন করে, যা মাটিতে নাইট্রেট রূপে আবদ্ধ হয়। এই প্রক্রিয়াকেই প্রাকৃতিক নাইট্রোজেন সংবদ্ধন বলে।
3. জীবজ বা জৈবিক নাইট্রোজেন সংবদ্ধন (Biological Nitrogen fixation) কাকে বলে?
জীবাণু (ব্যাকটেরিয়া) বা নীলাভ-সবুজ শৈবালের (BGA) ক্রিয়ার ফলে বায়ুমণ্ডলের নাইট্রোজেন (N₂) অ্যামোনিয়া (NH₃) রূপে মাটিতে আবদ্ধ হওয়ার প্রক্রিয়াকে জৈবিক নাইট্রোজেন সংবদ্ধন বলে।
4. স্বাধীনজীবী নাইট্রোজেন সংবদ্ধনকারী দুটি ব্যাকটেরিয়ার নাম লেখো।
ক্লস্ট্রিডিয়াম (Clostridium) এবং অ্যাজোটোব্যাক্টার (Azotobacter) হল দুটি স্বাধীনজীবী নাইট্রোজেন সংবদ্ধনকারী ব্যাকটেরিয়া।
5. স্বাধীনজীবী নাইট্রোজেন সংবদ্ধনকারী দুটি নীলাভ-সবুজ শৈবালের নাম লেখো।
অ্যানাবিনা (Anabaena) এবং নস্টক (Nostoc) হল দুটি স্বাধীনজীবী নাইট্রোজেন সংবদ্ধনকারী নীলাভ-সবুজ শৈবাল।
6. শিম্বীগোত্রীয় উদ্ভিদের মূলে কী নামক ব্যাকটেরিয়া বাস করে?
শিম্বীগোত্রীয় উদ্ভিদের মূলে রাইজোবিয়াম (Rhizobium) নামক মিথোজীবী ব্যাকটেরিয়া বাস করে।
7. মিথোজীবী ব্যাকটেরিয়া রাইজোবিয়াম কীভাবে উদ্ভিদকে সাহায্য করে?
রাইজোবিয়াম বায়ুমণ্ডলের নাইট্রোজেনকে সংবদ্ধন করে অ্যামোনিয়ায় পরিণত করে উদ্ভিদকে সরবরাহ করে, আর উদ্ভিদ তার প্রস্তুতকৃত শর্করা জাতীয় খাদ্য ব্যাকটেরিয়াকে দেয়।
8. শিম্বীগোত্রীয় উদ্ভিদের মূলে কী ধরনের ব্যাকটেরিয়া বাস করে এবং এটি কোন ধরনের সম্পর্ক?
শিম্বীগোত্রীয় উদ্ভিদের মূলে Rhizobium নামক ব্যাকটেরিয়া বাস করে। এটি মিথোজীবী (Symbiotic) সম্পর্কের উদাহরণ।
9. অ্যানাবিনা (Anabaena) নামক শৈবাল কোথায় নাইট্রোজেন সংবদ্ধন করে?
অ্যানাবিনা শৈবাল অ্যাজোলা (Azolla) নামক জলজ ফার্নের প্রগহ্বরে (পাতার গহ্বরে) এবং সাইকাস (Cycas) উদ্ভিদের মূলে বাস করে নাইট্রোজেন সংবদ্ধন করে।
10. শিল্পজাত নাইট্রোজেন সংবদ্ধন (Industrial Nitrogen fixation) কাকে বলে?
রাসায়নিক কারখানায় কৃত্রিম উপায়ে ইউরিয়া, অ্যামোনিয়া ইত্যাদি নাইট্রোজেনঘটিত সার প্রস্তুত করার প্রক্রিয়াকে শিল্পজাত নাইট্রোজেন সংবদ্ধন বলে।
11. অ্যামোনিফিকেশন (Ammonification) কাকে বলে?
মৃত জীবদেহের প্রোটিন জাতীয় জৈব পদার্থ বিয়োজক ব্যাকটেরিয়া ও ছত্রাকের ক্রিয়ায় পচে প্রথমে অ্যামাইনো অ্যাসিড ও পরে অ্যামোনিয়া (NH₃) উৎপন্ন হওয়ার প্রক্রিয়াকে অ্যামোনিফিকেশন বলে।
12. অ্যামোনিফিকেশনে সাহায্যকারী দুটি ব্যাকটেরিয়ার নাম লেখো।
দুটি অ্যামোনিফাইং ব্যাকটেরিয়া হল Bacillus mycoides এবং Bacillus ramosus।
13. নাইট্রিফিকেশন (Nitrification) কাকে বলে?
নাইট্রিফিকেশন হল সেই জৈব রাসায়নিক প্রক্রিয়া যেখানে মাটিতে উপস্থিত অ্যামোনিয়া (NH₃) প্রথমে নাইট্রাইটে (NO₂) এবং পরে নাইট্রেটে (NO₃) পরিণত হয়। এটি নাইট্রিফাইং ব্যাকটেরিয়ার দ্বারা সম্পন্ন হয়।
14. নাইট্রিফিকেশনে অংশগ্রহণকারী দুটি প্রধান ব্যাকটেরিয়ার নাম ও তাদের কাজ লেখো।
১. Nitrosomonas: অ্যামোনিয়াকে (NH₃) নাইট্রাইটে (NO₂⁻) পরিণত করে। ২. Nitrobacter: নাইট্রাইটকে (NO₂⁻) নাইট্রেটে (NO₃⁻) পরিণত করে।
15. ডিনাইট্রিফিকেশন বা নাইট্রোজেন মোচন (Denitrification) কাকে বলে?
মাটিতে বসবাসকারী কিছু ডিনাইট্রিফাইং ব্যাকটেরিয়া নাইট্রোজেন যৌগ (নাইট্রেট, নাইট্রাইট) থেকে নাইট্রোজেন গ্যাস (N₂) মুক্ত করে বায়ুমণ্ডলে ফিরিয়ে দেয়, এই প্রক্রিয়াকে ডিনাইট্রিফিকেশন বা নাইট্রোজেন মোচন বলে।
16. ডিনাইট্রিফাইং ব্যাকটেরিয়ার উদাহরণ দাও।
Thiobacillus denitrificans এবং Pseudomonas হল দুটি ডিনাইট্রিফাইং ব্যাকটেরিয়া।
17. ডিনাইট্রিফিকেশন প্রক্রিয়াকে কেন ক্ষতিকারক বলা হয়?
এই প্রক্রিয়ায় মাটির উর্বর শক্তি, অর্থাৎ উদ্ভিদের গ্রহণযোগ্য নাইট্রোজেন যৌগগুলি (নাইট্রেট) ভেঙে N₂ গ্যাসে পরিণত হয়ে বায়ুমণ্ডলে চলে যায়। ফলে মাটির উর্বরতা হ্রাস পায়। তাই এটিকে ক্ষতিকারক প্রক্রিয়া বলা হয়।
18. নাইট্রোজেন চক্রের গুরুত্ব কী?
১. নাইট্রোজেন চক্রের মাধ্যমে প্রকৃতিতে নাইট্রোজেনের ভারসাম্য বজায় থাকে। ২. এটি বিভিন্ন জীবকোশের প্রোটিন ও নিউক্লিক অ্যাসিড গঠনের জন্য প্রয়োজনীয় নাইট্রোজেন যুগ যুগ ধরে পরিবাহিত করে জীবকুলের অস্তিত্ব বজায় রাখে।
19. নাইট্রোজেন চক্রের চারটি প্রধান ধাপ কী কী?
১. নাইট্রোজেন সংবদ্ধন (Fixation), ২. অ্যামোনিফিকেশন (Ammonification), ৩. নাইট্রিফিকেশন (Nitrification), এবং ৪. ডিনাইট্রিফিকেশন (Denitrification)।
20. মানুষ কীভাবে নাইট্রোজেন চক্রের ভারসাম্য নষ্ট করে?
মাত্রাতিরিক্ত নাইট্রোজেনঘটিত সার ব্যবহার, জীবাশ্ম জ্বালানি পোড়ানো ও শিল্প-কারখানার বর্জ্য নদী-জলে নির্গত করে মানুষ নাইট্রোজেন চক্রের ভারসাম্য নষ্ট করে।
21. অ্যাসিড বৃষ্টির (Acid Rain) কারণ কী?
বায়ুমণ্ডলে কলকারখানা ও যানবাহনের ধোঁয়ার নাইট্রোজেন ডাইঅক্সাইড (NO₂) ও সালফার ডাইঅক্সাইড (SO₂) জলীয় বাষ্পের সঙ্গে বিক্রিয়া করে নাইট্রিক অ্যাসিড ও সালফিউরিক অ্যাসিড তৈরি করে, যা বৃষ্টির জলের সঙ্গে মাটিতে নেমে আসে।
22. লেগ হিমোগ্লোবিন (Leghaemoglobin) কী?
এটি এক প্রকার রঞ্জক পদার্থ যা শিম্বীগোত্রীয় উদ্ভিদের অর্বুদে (nodule) থাকে। এর কাজ হল নাইট্রোজিনেজ এনজাইমের সুরক্ষার জন্য অর্বুদের মধ্যে অক্সিজেনের পরিমাণ নিয়ন্ত্রণ করা।
23. নাইট্রোজিনেজ (Nitrogenase) এনজাইম কী?
নাইট্রোজিনেজ একটি এনজাইম যা জৈবিক নাইট্রোজেন সংবদ্ধনের সময় বায়ুমণ্ডলের নাইট্রোজেনকে (N₂) ভেঙে অ্যামোনিয়ায় (NH₃) পরিণত করে।
24. উদ্ভিদ কীরূপে মাটি থেকে নাইট্রোজেন গ্রহণ করে?
উদ্ভিদ মূলের মাধ্যমে মাটি থেকে প্রধানত নাইট্রেট (NO₃⁻) এবং অ্যামোনিয়াম (NH₄⁺) আয়ন হিসেবে নাইট্রোজেন গ্রহণ করে।
25. বজ্রপাতের সময় বিদ্যুৎক্ষুরণের ফলে কোন রাসায়নিক বিক্রিয়াগুলি ঘটে?
N₂ + O₂ → 2NO; 2NO + O₂ → 2NO₂; 2NO₂ + H₂O → HNO₂ + HNO₃ (মাটিতে নেমে এসে নাইট্রেট তৈরি করে)।
26. NO₂ জলীয় বাষ্পের সঙ্গে বিক্রিয়া করে কী উৎপন্ন করে?
নাইট্রোজেন ডাইঅক্সাইড (NO₂) জলীয় বাষ্পের সঙ্গে বিক্রিয়া করে নাইট্রাস অ্যাসিড (HNO₂) ও নাইট্রিক অ্যাসিড (HNO₃) উৎপন্ন করে।
27. নাইট্রোজেন স্থিতিকরণের প্রধান তিনটি পদ্ধতির নাম লেখো।
১. প্রাকৃতিক নাইট্রোজেন সংবদ্ধন (বজ্রপাতের মাধ্যমে), ২. জৈবিক নাইট্রোজেন সংবদ্ধন (জীবাণুর মাধ্যমে), ৩. শিল্পজাত নাইট্রোজেন সংবদ্ধন (সার উৎপাদনের মাধ্যমে)।
28. মাটিতে অ্যামোনিয়া কীভাবে আসে?
মৃত জীবদেহের প্রোটিন বিয়োজক ব্যাকটেরিয়া ও ছত্রাকের মাধ্যমে পচে (অ্যামোনিফিকেশন) এবং সার হিসেবে ইউরিয়া প্রয়োগের মাধ্যমে অ্যামোনিয়া মাটিতে আসে।
29. নাইট্রোসোমোনাস ব্যাকটেরিয়ার কাজ কী?
এটি একটি নাইট্রিফাইং ব্যাকটেরিয়া যা অ্যামোনিয়া (NH₃) বা অ্যামোনিয়াম আয়নকে (NH₄⁺) নাইট্রাইটে (NO₂⁻) পরিণত করে।
30. নাইট্রোব্যাক্টার ব্যাকটেরিয়ার কাজ কী?
এটি একটি নাইট্রিফাইং ব্যাকটেরিয়া যা বিষাক্ত নাইট্রাইটকে (NO₂⁻) জারিত করে উদ্ভিদের জন্য গ্রহণযোগ্য নাইট্রেটে (NO₃⁻) পরিণত করে।
31. মিথোজীবী (Symbiotic) ও স্বাধীনজীবী (Free-living) ব্যাকটেরিয়ার পার্থক্য কী?
মিথোজীবী ব্যাকটেরিয়া (Rhizobium) উদ্ভিদের অর্বুদে বাস করে ও শর্করা খাদ্য গ্রহণ করে, আর স্বাধীনজীবী ব্যাকটেরিয়া (Azotobacter) মাটিতে মুক্ত অবস্থায় বাস করে এবং নিজেরাই খাদ্য তৈরি করে।
32. সাইকাস (Cycas) উদ্ভিদের সঙ্গে অ্যানাবিনার (Anabaena) সম্পর্ক কী?
এটি একটি মিথোজীবী সম্পর্ক। সাইকাস অ্যানাবিনাকে বাসস্থান দেয়, বিনিময়ে অ্যানাবিনা বায়ুমণ্ডল থেকে নাইট্রোজেন সংবদ্ধন করে সাইকাসকে সরবরাহ করে।
33. অ্যাজোলাকে কেন ধান ক্ষেতে ব্যবহার করা হয়?
অ্যাজোলা একটি জলজ ফার্ন যার প্রগহ্বরে অ্যানাবিনা নামক শৈবাল বাস করে। অ্যানাবিনা নাইট্রোজেন সংবদ্ধন করতে পারে বলে ধান ক্ষেতে জৈব সার হিসাবে অ্যাজোলা চাষ করা হয়।
34. নাইট্রিফাইং ব্যাকটেরিয়া মাটিতে কী গুরুত্বপূর্ণ কাজ করে?
এরা অ্যামোনিয়াকে প্রথমে নাইট্রাইট ও পরে নাইট্রেটে রূপান্তর করে। নাইট্রেট সালোকসংশ্লেষকারী উদ্ভিদের প্রধান নাইট্রোজেন উৎস, যা খাদ্যশৃঙ্খলের ভিত্তি।
35. মানুষের ক্রিয়াকলাপ কীভাবে নাইট্রোজেন চক্রকে প্রভাবিত করে?
অতিরিক্ত নাইট্রোজেনঘটিত সার ব্যবহারের ফলে N₂O গ্রিনহাউস গ্যাসের পরিমাণ বৃদ্ধি পায় এবং জলাশয়ে নাইট্রেটের পরিমাণ বৃদ্ধি পেয়ে ইউট্রোফিকেশন ঘটায়। অধিক অ্যাসিড বৃষ্টির ফলে মাটি ও জলের অম্লতা বৃদ্ধি পায়।
36. নাইট্রোজেন ঘাটতি পূরণে প্রাচীন পদ্ধতি ও আধুনিক পদ্ধতির পার্থক্য লেখো।
প্রাচীন পদ্ধতিতে শুধুমাত্র জৈব সার ও শিম্বী গাছের চাষ করা হত। আধুনিক পদ্ধতিতে হেবার-বশ প্রক্রিয়ায় প্রচুর ইউরিয়া ও অ্যামোনিয়াম সালফেট সার শিল্পকারখানায় তৈরি করে জমিতে প্রয়োগ করা হয়।
37. N₂O (নাইট্রাস অক্সাইড) কেন ক্ষতিকারক?
N₂O একটি শক্তিশালী গ্রিনহাউস গ্যাস। এটি কার্বন ডাই-অক্সাইডের তুলনায় প্রায় 300 গুণ বেশি তাপ ধরে রাখতে পারে এবং ওজোন স্তর ধ্বংস করতে সাহায্য করে।
38. অ্যাসিডিফিকেশন (Acidification) কাকে বলে?
রাসায়নিক সার, কল-কারখানার অ্যাসিড মিশ্রিত জল ইত্যাদির প্রভাবে মাটি এবং নদী ও হ্রদের জলের pH কমে অম্লতা বৃদ্ধি পাওয়ার প্রক্রিয়াই অ্যাসিডিফিকেশন।
39. নাইট্রোজেন চক্রের শুরুর বিন্দু ও শেষ বিন্দু কী?
নাইট্রোজেন চক্রের শুরু হয় বায়ুমণ্ডলের নাইট্রোজেন (N₂) থেকে এবং শেষ হয় ডিনাইট্রিফিকেশনের মাধ্যমে পুনরায় বায়ুমণ্ডলে নাইট্রোজেন গ্যাস (N₂) ফিরে যাওয়ার মাধ্যমে।

Broad Questions - বড়ো প্রশ্নোত্তর (৩ ও ৫ নম্বর)

10 টি
1. নাইট্রোজেন চক্র কাকে বলে? জৈবিক নাইট্রোজেন সংবদ্ধন প্রক্রিয়া কত প্রকার ও কী কী? উদাহরণসহ আলোচনা করো।

নাইট্রোজেন চক্র:

বায়ুমণ্ডল, মাটি ও জীবদেহের মধ্যে নাইট্রোজেনের বিভিন্ন যৌগের যে চক্রাকার আবর্তন চলে, তাকে নাইট্রোজেন চক্র বলে।

জৈবিক নাইট্রোজেন সংবদ্ধনের প্রকারভেদ:

যে পদ্ধতিতে অণুজীব (ব্যাকটেরিয়া, শৈবাল) বায়ুমণ্ডলের N₂ কে অ্যামোনিয়া রূপে আবদ্ধ করে, তাকে জৈবিক সংবদ্ধন বলে। এটি দুই প্রকার:
ক) স্বাধীনজীবী (Free-living): মাটিতে মুক্ত অবস্থায় বসবাসকারী কিছু জীবাণু যেমন- Clostridium, Azotobacter এবং নীলাভ-সবুজ শৈবাল যেমন- Anabaena, Nostoc সরাসরি বাতাসের N₂ অ্যামোনিয়া রূপে আবদ্ধ করে। এরা বছরে প্রতি একরে 10-20 kg নাইট্রোজেন আবদ্ধ করতে পারে।
খ) মিথোজীবী (Symbiotic): কিছু ব্যাকটেরিয়া ও শৈবাল উদ্ভিদের সঙ্গে মিথোজীবী সম্পর্কে আবদ্ধ থাকে। যেমন- Rhizobium নামক ব্যাকটেরিয়া শিম্বীগোত্রীয় উদ্ভিদের (ছোলা, মটর) মূলের অর্বুদে বাস করে। উদ্ভিদ এদের শর্করা দেয় এবং এরা N₂ সংবদ্ধন করে উদ্ভিদকে অ্যামোনিয়া সরবরাহ করে। Anabaena নামক শৈবাল Azolla ফার্নের পাতায় ও Cycas উদ্ভিদের মূলে বাস করেও মিথোজীবী সংবদ্ধন ঘটায়।

2. প্রাকৃতিক নাইট্রোজেন সংবদ্ধন (Natural Nitrogen Fixation) প্রক্রিয়াটি কীভাবে ঘটে? রাসায়নিক বিক্রিয়াসহ বুঝিয়ে দাও।

প্রাকৃতিক নাইট্রোজেন সংবদ্ধন:

সাধারণত বজ্রপাতের সময় যখন আকাশে বিদ্যুৎক্ষুরণ ঘটে, তখন বায়ুমণ্ডলের নাইট্রোজেন (N₂) অক্সিজেনের (O₂) সঙ্গে যুক্ত হয়ে বিভিন্ন যৌগ তৈরি করে এবং বৃষ্টির সঙ্গে মাটিতে নেমে আসে। এটি প্রকৃতির একটি স্বাভাবিক প্রক্রিয়া।

রাসায়নিক ধাপ:

ধাপ-১: N₂ + O₂ → 2NO (নাইট্রিক অক্সাইড)
ধাপ-২: 2NO + O₂ → 2NO₂ (নাইট্রোজেন ডাইঅক্সাইড)
ধাপ-৩: 2NO₂ + H₂O → HNO₂ (নাইট্রাস অ্যাসিড) + HNO₃ (নাইট্রিক অ্যাসিড)
ধাপ-৪: HNO₂ ও HNO₃ মাটিতে উপস্থিত খনিজ লবণের (পটাশিয়াম, ক্যালশিয়াম) সঙ্গে বিক্রিয়া করে নাইট্রেট যৌগ গঠন করে। এভাবে মাটিতে নাইট্রোজেনের পরিমাণ বৃদ্ধি পায়।

3. অ্যামোনিফিকেশন (Ammonification) ও নাইট্রিফিকেশন (Nitrification) প্রক্রিয়া দুটি কীভাবে ঘটে? ব্যাকটেরিয়ার নামসহ সংক্ষেপে বর্ণনা করো।

অ্যামোনিফিকেশন:

এটি নাইট্রোজেন চক্রের দ্বিতীয় ধাপ। মাটিতে অবস্থিত বিভিন্ন বিয়োজক অণুজীব (জীবাণু ও ছত্রাক) মৃত উদ্ভিদ ও প্রাণীর দেহাবশেষের প্রোটিন বিশ্লেষণ করে। ফলে প্রোটিন প্রথমে অ্যামাইনো অ্যাসিড এবং পরে অ্যামোনিয়াতে (NH₃) পরিণত হয়। এই প্রক্রিয়াকে অ্যামোনিফিকেশন বলে।
উদাহরণ: Bacillus mycoides, Bacillus ramosus (অ্যামোনিফাইং ব্যাকটেরিয়া)।

নাইট্রিফিকেশন:

এটি তৃতীয় ধাপ। এই প্রক্রিয়ায় নির্দিষ্ট কিছু নাইট্রিফাইং ব্যাকটেরিয়া অ্যামোনিয়াকে জারিত করে প্রথমে নাইট্রাইটে এবং পরে নাইট্রেটে পরিণত করে।
১. নাইট্রাইট উৎপাদন: Nitrosomonas ব্যাকটেরিয়া অ্যামোনিয়া (NH₃) কে নাইট্রাইটে (NO₂⁻) জারিত করে।
২. নাইট্রেট উৎপাদন: Nitrobacter ব্যাকটেরিয়া নাইট্রাইটকে (NO₂⁻) নাইট্রেটে (NO₃⁻) জারিত করে।
এই নাইট্রেট লবণ উদ্ভিদ মূল দ্বারা সহজেই শোষিত হয়।

4. নাইট্রোজেন মোচন বা ডিনাইট্রিফিকেশন (Denitrification) কাকে বলে? এটি কীভাবে ঘটে? এই প্রক্রিয়াকে ক্ষতিকারক বলা হয় কেন?

ডিনাইট্রিফিকেশন বা নাইট্রোজেন মোচন:

নাইট্রোজেন চক্রের অন্তিম ধাপে মাটিতে বসবাসকারী কিছু বিশেষ ব্যাকটেরিয়া (ডিনাইট্রিফাইং ব্যাকটেরিয়া) মাটিতে আবদ্ধ উদ্ভিদের গ্রহণযোগ্য নাইট্রোজেন যৌগগুলি (নাইট্রেট, নাইট্রাইট) ভেঙে সেখান থেকে নাইট্রোজেন গ্যাস (N₂) মুক্ত করে এবং তা পুনরায় বায়ুমণ্ডলে ফিরিয়ে দেয়। এই সম্পূর্ণ প্রক্রিয়াকে নাইট্রোজেন মোচন বা ডিনাইট্রিফিকেশন বলে।
উদাহরণ: Thiobacillus denitrificans ও Pseudomonas হল ডিনাইট্রিফাইং ব্যাকটেরিয়া।

ক্ষতিকারক বলার কারণ:

মাটিতে অবস্থিত নাইট্রেট ও নাইট্রাইট উদ্ভিদের প্রধান নাইট্রোজেন খাদ্য (সার)। ডিনাইট্রিফিকেশন প্রক্রিয়ায় এই লবণগুলি বিয়োজিত হয়ে N₂ গ্যাস উৎপন্ন করে বায়ুমণ্ডলে মিশে যায়। এর ফলে মাটির উর্বরতা ও নাইট্রোজেন উপাদান হ্রাস পায়। সরাসরি ফসলের উৎপাদন কমে যায় বলে এটি কৃষির পক্ষে অত্যন্ত ক্ষতিকারক।

5. বিভিন্ন প্রকার নাইট্রোজেন সংবদ্ধনের (Fixation) মধ্যে তুলনামূলক পার্থক্য আলোচনা করো।

তিন প্রকার নাইট্রোজেন সংবদ্ধনের পার্থক্য:

বৈশিষ্ট্যপ্রাকৃতিক সংবদ্ধনজৈবিক সংবদ্ধনশিল্পজাত সংবদ্ধন
প্রক্রিয়ার মাধ্যমবজ্রপাতের সময় ভৌত শক্তির মাধ্যমে ঘটে।জীবন্ত অণুজীবের (ব্যাকটেরিয়া/শৈবাল) মাধ্যমে ঘটে।কারখানায় উচ্চচাপ ও উচ্চ তাপমাত্রায় কৃত্রিমভাবে ঘটে।
উৎপন্ন যৌগNO, NO₂ উৎপন্ন হয়ে শেষে নাইট্রেট তৈরি করে।N₂ সরাসরি অ্যামোনিয়ায় (NH₃) পরিণত হয়।ইউরিয়া, অ্যামোনিয়া, অ্যামোনিয়াম নাইট্রেট ইত্যাদি সার তৈরি হয়।
উদাহরণবাদলের রাতে বৃষ্টির জলে নাইট্রেট মেশা।রাইজোবিয়াম দ্বারা শিম্বীগোত্রীয় উদ্ভিদের মূলে সংবদ্ধন।হেবার পদ্ধতিতে অ্যামোনিয়া উৎপাদন।
শক্তির উৎসবিদ্যুৎক্ষুরণ থেকে প্রাপ্ত তাপশক্তি।অণুজীবদেহের নাইট্রোজিনেজ এনজাইম ও ATP।জীবাশ্ম জ্বালানি (Fossil fuel) থেকে প্রাপ্ত তাপ ও বিদ্যুৎ।
6. মানুষের কার্যকলাপের ফলে নাইট্রোজেন চক্র কীভাবে ব্যাহত হচ্ছে? নাইট্রোজেন চক্রের এই অবক্ষয়ের দুটি প্রধান ফলাফল আলোচনা করো।

মানুষের কার্যকলাপ ও নাইট্রোজেন চক্রের ব্যাঘাত:

বিগত কয়েক দশকে কৃষি ও শিল্পের প্রসারে মানুষ বিপুল পরিমাণে নাইট্রোজেনঘটিত রাসায়নিক সার (ইউরিয়া, অ্যামোনিয়া) ব্যবহার করছে। জীবাশ্ম জ্বালানি পোড়ানো এবং শিল্প-কারখানার বর্জ্য অনিয়ন্ত্রিত ভাবে জলাশয়ে ফেলা হচ্ছে। এর ফলে নাইট্রোজেন চক্রের স্বাভাবিক ভারসাম্য নষ্ট হচ্ছে।

প্রধান ফলাফল:

১. বায়ুমণ্ডলীয় পরিবর্তন ও উষ্ণায়ন: কৃষিজমিতে অতিরিক্ত নাইট্রোজেন সার ব্যাবহারের ফলে মাটিতে ডিনাইট্রিফিকেশন প্রক্রিয়া বেড়ে যায় এবং বিপুল পরিমাণে N₂O (নাইট্রাস অক্সাইড) গ্যাস বায়ুমণ্ডলে নির্গত হয়। N₂O একটি শক্তিশালী গ্রিনহাউস গ্যাস যা কার্বন ডাই-অক্সাইডের (CO₂) তুলনায় 300 গুণ বেশি তাপ আটকে রাখে এবং ওজোন স্তরের ক্ষতি করে। এর ফলে বিশ্ব উষ্ণায়ন (Global Warming) বাড়ছে।
২. অম্লীয়করণ (Acidification) ও জলদূষণ: কল-কারখানা থেকে নির্গত নাইট্রোজেন ও সালফার অক্সাইড এবং কৃষিজমি থেকে ধৌত হওয়া অতিরিক্ত নাইট্রেট নদী ও হ্রদে গিয়ে মেশে। এর ফলে জলের pH কমে (অম্লতা বৃদ্ধি পায়) এবং অ্যাসিড বৃষ্টি হয়। জলজ প্রাণী (যেমন মাছ) ও বাস্তুতন্ত্রের ব্যাপক ক্ষতি হয়। মাটির অতিরিক্ত অম্লত্ব ফসল উৎপাদনের জন্যও ক্ষতিকারক।

7. একটি সরল রেখাচিত্রের সাহায্যে নাইট্রোজেন চক্রের ধাপগুলি ব্যাখ্যা করো।

নাইট্রোজেন চক্রের প্রবাহচিত্র:

নীচে নাইট্রোজেন চক্রের বিভিন্ন ধাপগুলি বর্ণিত হল:

১. নাইট্রোজেন সংবদ্ধন (Nitrogen Fixation): বায়ুমণ্ডলের N₂ → (বজ্রপাত/বায়োলজিক্যাল/শিল্প) → অ্যামোনিয়া/নাইট্রেট।
২. অ্যামোনিফিকেশন: মৃত জীবজন্তু ও বর্জ্য → (বিয়োজক ব্যাকটেরিয়া) → অ্যামোনিয়া (NH₃)।
৩. নাইট্রিফিকেশন: NH₃ → (Nitrosomonas) → NO₂⁻ → (Nitrobacter) → NO₃⁻।
৪. আত্তীকরণ (Assimilation): উদ্ভিদ NO₃⁻ মূল দ্বারা শোষণ করে প্রোটিন তৈরি করে → প্রাণী উদ্ভিদ খেয়ে প্রোটিন পায়।
৫. ডিনাইট্রিফিকেশন: NO₃⁻ → (Pseudomonas) → N₂ (বায়ুমণ্ডলে ফেরত)।
[পরীক্ষায় শিক্ষার্থীরা বৃত্তাকার চক্র এঁকে দেখাবে: N₂ ➞ NH₃ ➞ NO₂ ➞ NO₃ ➞ Plant Protein ➞ Animal Protein ➞ Death ➞ NH₃ (চক্র চলতে থাকে) এবং ডিনাইট্রিফিকেশন পথে N₂-এ ফেরত।]

8. নাইট্রোজেন স্থিতিকারী অণুজীবের প্রকারভেদ ও গুরুত্ব বিস্তারিতভাবে লেখো।

প্রকারভেদ:

যেসব অণুজীব বাতাসের নাইট্রোজেনকে মাটিতে অ্যামোনিয়া রূপে সংবদ্ধন করতে পারে, তাদের নাইট্রোজেন স্থিতিকারী অণুজীব বলে। এদের দুটি প্রধান প্রকারভেদ নিচে দেওয়া হল:

ক) স্বাধীনজীবী (Free-living): যারা মাটিতে বা জলে মুক্ত অবস্থায় বাস করে। যেমন- ব্যাকটেরিয়া: Azotobacter, Clostridium. শৈবাল: Anabaena, Nostoc.
খ) মিথোজীবী (Symbiotic): যারা উদ্ভিদদেহের সঙ্গে মিথোজীবী সম্পর্কে বাস করে। যেমন- উদ্ভিদ-মূল: Rhizobium (শিম্বীগোত্রীয়), পাতার গহ্বর: Anabaena (Azolla), মূল: Anabaena (Cycas).

গুরুত্ব:

১) এরা বাতাসের কাজের-অযোগ্য N₂ কে কাজের-যোগ্য অ্যামোনিয়াতে পরিণত করে।
২) পৃথিবীর মোট নাইট্রোজেন সংবদ্ধনের প্রায় ৭০% জৈবিক উপায়ে ঘটে।
৩) শিম্বীগোত্রীয় উদ্ভিদের মূলের গুটি নাইট্রোজেন সমৃদ্ধ করে মাটির উর্বরতা বাড়ায়।
৪) আজোলা চাষ ধানের মতো ফসলের জন্য জৈব-নাইট্রোজেন সরবরাহ করে রাসায়নিক সারের প্রয়োজন কমায়।

9. নাইট্রিফিকেশন ও ডিনাইট্রিফিকেশন প্রক্রিয়ার মধ্যে পার্থক্য কী? উদ্ভিদের জীবনে এদের প্রভাব আলোচনা করো।

পার্থক্য:

বৈশিষ্ট্যনাইট্রিফিকেশন (Nitrification)ডিনাইট্রিফিকেশন (Denitrification)
প্রক্রিয়াঅ্যামোনিয়া (NH₃) থেকে নাইট্রেট (NO₃⁻) তৈরি হয়।নাইট্রেট (NO₃⁻) থেকে N₂ গ্যাস মুক্ত হয়।
ব্যাকটেরিয়াNitrosomonas, Nitrobacter.Pseudomonas, Thiobacillus.
উদ্ভিদের জন্যএটি অত্যন্ত উপকারী, উদ্ভিদের মূলের প্রধান খাদ্য (নাইট্রেট) সরবরাহ করে।এটি অত্যন্ত ক্ষতিকারক, উদ্ভিদের খাদ্য ফুরিয়ে যায় ও মাটি অনুর্বর হয়।
অবস্থাঅ্যারোবিক অবস্থা (O₂-এর উপস্থিতি) প্রয়োজন।অ্যানারোবিক অবস্থায় (O₂-এর অনুপস্থিতি/স্বল্পতা) ঘটে।

উদ্ভিদের জীবনে নাইট্রিফিকেশন অপরিহার্য কারণ গাছপালা মাটি থেকে নাইট্রোজেন প্রধানত নাইট্রেট লবণ হিসেবেই গ্রহণ করে, যা থেকে তারা প্রোটিন ও নিউক্লিক অ্যাসিড তৈরি করে। অপরদিকে ডিনাইট্রিফিকেশন ক্ষতিকর কারণ এটি মাটির নাইট্রোজেন সম্পদের অপচয় ঘটায় ও ফসলের বৃদ্ধি বাধাগ্রস্ত করে।

10. মাটিতে নাইট্রোজেনের পরিমাণ কমে গেলে কী কী ঘটতে পারে? নাইট্রোজেনের ঘাটতি পূরণের প্রাকৃতিক ও কৃত্রিম উপায়গুলি কী কী?

নাইট্রোজেনের অভাবে উদ্ভিদে লক্ষণ:

১. উদ্ভিদের বৃদ্ধি স্তব্ধ হয়ে যায় (Stunted growth)।
২. পাতাগুলি হলুদ বা ফ্যাকাসে হয়ে যায় (Chlorosis), কারণ ক্লোরোফিল তৈরিতে নাইট্রোজেনের প্রয়োজন।
৩. ফুল, ফল ও বীজের উৎপাদন কমে যায়।
৪. ফসলের প্রোটিনের পরিমাণ কমে যায়।

ঘাটতি পূরণের উপায়:

প্রাকৃতিক উপায়: (i) বজ্রপাতের মাধ্যমে NO₂ ও HNO₃ উৎপন্ন হয়ে বৃষ্টির জলে মাটিতে মেশা। (ii) ডাল জাতীয় (শিম্বীগোত্রীয়) ফসল চাষের মাধ্যমে Rhizobium-এর ক্রিয়ায় মাটিতে নাইট্রোজেন আবদ্ধকরণ। (iii) নীলাভ-সবুজ শৈবাল (BGA) ও অ্যাজোলার ব্যবহার।
কৃত্রিম উপায়: (i) রাসায়নিক সার যেমন ইউরিয়া, অ্যামোনিয়াম সালফেট, ডাই-অ্যামোনিয়াম ফসফেট (DAP) ইত্যাদি প্রয়োগ করা। (ii) শস্য পর্যায় ও সবুজ সার প্রয়োগ (যেমন- শণ, ধৈঞ্চা গাছ জমিতে চাষ দিয়ে মাটিতে মিশিয়ে দেওয়া)।

মনে রেখো! নাইট্রোজেন চক্রের মূল কথা

সংবদ্ধন (Fixation): N₂ ➞ NH₃ (প্রকৃতি, জীবাণু, কারখানা) | অ্যামোনিফিকেশন: প্রোটিন ➞ অ্যামোনিয়া | নাইট্রিফিকেশন: NH₃ ➞ NO₂⁻ ➞ NO₃⁻ | ডিনাইট্রিফিকেশন: NO₃⁻ ➞ N₂ (বাতাসে ফেরত)

Sponsored Links

Frequently Asked Questions

প্রকৃতিতে নাইট্রোজেন বায়ুমণ্ডল, মাটি ও জীবদেহের মধ্যে বিভিন্ন ভৌত ও রাসায়নিক প্রক্রিয়ায় (নাইট্রোজেন সংবদ্ধন, অ্যামোনিফিকেশন, নাইট্রিফিকেশন, ডিনাইট্রিফিকেশন) যে চক্রাকার পথে আবর্তিত হয়, তাকে নাইট্রোজেন চক্র বলে।

বায়ুমণ্ডলের নিষ্ক্রিয় নাইট্রোজেন গ্যাসকে (N₂) অ্যামোনিয়া (NH₃) বা নাইট্রেট (NO₃⁻) যৌগে আবদ্ধ করার প্রক্রিয়াকে নাইট্রোজেন সংবদ্ধন বলে। এটি তিন প্রকার: প্রাকৃতিক (বজ্রপাত), জৈবিক (ব্যাকটেরিয়া ও শৈবাল) এবং শিল্পজাত (কারখানায় সার উৎপাদন)।

মাটিতে বসবাসকারী কিছু ব্যাকটেরিয়া নাইট্রোজেন যৌগ (নাইট্রেট, নাইট্রাইট) ভেঙে নাইট্রোজেন গ্যাস (N₂) মুক্ত করে বায়ুমণ্ডলে ফিরিয়ে দেয়, এই প্রক্রিয়াকে ডিনাইট্রিফিকেশন বা নাইট্রোজেন মোচন বলে। এটি কৃষির জন্য অত্যন্ত ক্ষতিকারক।

রাইজোবিয়াম শিম্বীগোত্রীয় উদ্ভিদের (যেমন মটর, ছোলা, শিম) মূলে অর্বুদ (nodule) তৈরি করে বাস করে। এটি উদ্ভিদ থেকে শর্করা জাতীয় খাদ্য গ্রহণ করে এবং বিনিময়ে নাইট্রোজিনেজ এনজাইমের সাহায্যে বায়ুমণ্ডলের নাইট্রোজেনকে অ্যামোনিয়ায় পরিণত করে উদ্ভিদকে সরবরাহ করে।

মৃত জীবদেহ ও প্রাণীর বর্জ্য পদার্থে উপস্থিত জটিল প্রোটিন ও নিউক্লিক অ্যাসিডগুলি মাটিতে উপস্থিত বিয়োজক ব্যাকটেরিয়া ও ছত্রাকের ক্রিয়ায় প্রথমে অ্যামাইনো অ্যাসিড এবং পরে অ্যামোনিয়ায় (NH₃) পরিণত হওয়ার প্রক্রিয়াই অ্যামোনিফিকেশন।